সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৫.১৫ শতাংশ

জেলায় করোনা উপসর্গে মোট মৃত্যু ৬০০
নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা শনাক্তের হার কিছুটা কমলেও সাতক্ষীরায় উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা কমছে না। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু নিয়ে জেলায় করোনা উপসর্গে ৬০০ জনের মৃত্যু হলো। 

চলতি আগস্ট মাসের ১৫ দিনে এ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ৫৫ জন ও আর করোনায় একজন। জেলায় এ পর্যন্ত করোনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।

করোনা শনাক্তের হার কিছুটা কমেছে জেলায়। গত ২৪ ঘণ্টায় ৯৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। শনাক্তের হার ১৫ দশমিক ১৫ শতাংশ।

চলতি মাস থেকে এ হার নিম্নমুখী। ১ আগস্ট ২৯৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮২ জনের। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬১ শতাংশ। জুন মাসে শনাক্তের হার ছিল গড়ে ৫০-৬০ শতাংশ। জুলাই মাসে ২৫-৩৫ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমে দাঁড়ায় এক-তিন জনে। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে সাত জনের। শনিবার ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা যান তিন জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে আট জনে। এ নিয়ে আগস্ট মাসের ১৫ দিনে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ জন। আর এসময়ে করোনায় মৃত্যু হয়েছে একজনের।

তিনি বলেন, 'জুন মাসে করোনা উপসর্গ নিয়ে এ হাসপাতালে মৃত্যু হয় ১২৬ জনের এবং করোনায় ১৪ জনের। জুলাই মাসে করোনা উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আট জন মারা যান। আর চলতি মাসের ১৫ দিনে করোনা উপসর্গ নিয়ে ৫৫ জন ও করোনায় একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৬০০ জন আর করোনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।'

ডা. কুদরত-ই-খোদা জানান, রোগীর সংখ্যা অনেক কমে এসেছে। জুন মাসে থেকে জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা ছিল গড়ে ২৫০-২৮৫ জন। জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে হাসপাতালে রোগী কমতে থাকে। আজ রোববার সকালে রোগী ছিলেন ১৪৯ জন। এরমধ্যে পজিটিভ রোগী সাত জন। বাকি ১৪২ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর ৩১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।