সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে আরও ৭ জনের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচদিন উপসর্গ নিয়ে মৃত্যু কম থাকার পর গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত এ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪ জন, আর করোনায় একজন। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৬৮৯ জন ও করেনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা শনাক্তের হার ধীরে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় ৩২৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫১ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৭৪ শতাংশ। চলতি মাস থেকে এ হার নিম্নমুখী। ১ আগস্ট ২৯৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৮২ জন। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬১ শতাংশ। জুন মাসে শনাক্তের হার ছিল গড়ে ৫০-৬০ শতাংশ। জুলাই মাসে গড়ে ২৫-৩৫ শতাংশ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর হার কমে দাঁড়ায় ১-৩ জনে। হঠাৎ করে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে হয়েছে সাত জন। এ নিয়ে আগস্ট মাসের ১৩ তারিখ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। আর এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে একজনের।

তিনি বলেন, 'জুন মাসে এ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১২৬ জন ও করোনায় ১৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে করোনা উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আট জনের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৫৮৯ জন, আর করোনায় ৮৬ জনের মৃত্যু হয়েছে।

ডা. কুদরত-ই-খোদা আরও জানান, রোগীর সংখ্যা অনেক কমে এসেছে। জুন মাসে থেকে জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত রোগীর সংখ্যা ছিল গড়ে ২৫০-২৮৫ জন। ২১ জুলাই থেকে রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। আজ শুক্রবার সকাল পর্যন্ত রোগী আছেন ১৪৭ জন। এরমধ্যে পজিটিভ রোগী ১০ জন। বাকি ১৩৭ জন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আবার ৩০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।