সাতক্ষীরা মেডিকেলে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু 

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা ডেডিকেটেডে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৬৩২ জনের মৃত্যু হলো।

আজ শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'জুন মাসে এ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১২৬ জন ও করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। জুলাই মাসে করোনা উপসর্গ নিয়ে ১৮৯ জন ও করোনায় আট জনের মৃত্যু হয়েছে। আর আগস্ট মাসের ২৩ তারিখ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৮৬ জন ও করোনায় দুই জনের মৃত্যু মৃত্যু হয়েছে।'

এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে আট জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার আট দশমিক ৫১ শতাংশ।

এ তথ্য নিশ্চিত করে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সাফায়াত হুসাইন দ্য ডেইলি স্টারকে জানান, চলতি মাসে জেলায় করোনা রোগীর সংখ্যা কমে আসছে। চলতি মাসে ১ আগস্ট সর্বোচ্চ ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনা শনাক্ত হয়। আর, ১৫ আগস্ট ছিল সর্বনিম্ন ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়।'