স্বাস্থ্য অধিদপ্তর কোভিড চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহারের নির্দেশনা দিয়েছে
করোনা চিকিৎসায় মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির প্রেসক্রাইব করতে দেশের সব সরকারি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. ফরিদ হোসেন মিয়া আজ মঙ্গলবার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. ফরিদ হোসেন মিয়া বলেন, 'প্রাপ্তবয়স্ক করোনা রোগীদের হালকা বা মাঝারি লক্ষণের ক্ষেত্রে চিকিৎসকরা এই ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারবেন। আমরা দেশের সব সরকারি হাসপাতালকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি।'
'তবে গুরুতর রোগীদের ক্ষেত্রে এ ওষুধ ব্যবহার করা যাবে না,' বলেন তিনি।
এর আগে গত ৮ নভেম্বর এসকায়েফ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে জরুরি ভিত্তিতে এ ওষুধ উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।
ডা. ফরিদ জানান, রোগীর উপসর্গ দেখা দেওয়ার ৫ দিনের মধ্যে ওষুধটি ব্যবহার শুরু করতে হবে।
রোগীদের প্রতিদিন ২ বার ৪টি করে ক্যাপসুল ৫ দিন খেতে হবে বলে জানান তিনি।