হবিগঞ্জে ১ মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা পেলেন এক চা শ্রমিক
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এক চা শ্রমিককে এক মিনিটের ব্যবধানে দুই বার করোনার টিকা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
টিকা গ্রহীতা রবি কালিন্দি (৫৪) উপজেলার বৃন্দাবন চা বাগানে কর্মরত আছেন।
রবি কালিন্দি দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথমে টিকা কেন্দ্রে গিয়ে টিকা নিবন্ধন কার্ড জমা দিলে আমাকে বসতে বলা হয়। প্রথমে আমার বাম হাতে টিকা দেওয়া হয়। পরে, কিছু বলার আগেই টিকাদানকারী স্বাস্থ্যকর্মী আবার আমাকে শার্ট খুলতে বলেন এবং আমার ডান হাতে আবার টিকা দিয়ে দেন।'
একজন চা শ্রমিককে দুই বার টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার দাশ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।'
রবি কালিন্দি নামের ওই চা শ্রমিক এখনও সুস্থ আছেন বলেও জানান তিনি।