২৪ ঘণ্টায় মৃত্যু ২৪১, শনাক্তের হার ২৪.৫২ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৬৫২ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত ১০ হাজার ২৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪০ হাজার ১৩০টি নমুনা পরীক্ষায় আরও ১০ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৫২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪১ জনের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৩ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে সাত জন, বরিশাল বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন ও রাজশাহী বিভাগে ১২ জন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ পাঁচ হাজার ৪৪৭ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শুন্য পাঁচ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৭ শতাংশ।