২৪ ঘণ্টায় মৃত্যু ২৪৫, শনাক্তের হার ২৪.২৮ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪৫ জন মারা গেছেন। এর আগে, গত ৫ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন ও ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন।
একই সময়ে করোনা আক্রান্ত ১১ হাজার ৪৬৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় ১১ হাজার ৪৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪৫ জনের মধ্যে ১২৮ জন পুরুষ ও ১১৭ জন নারী।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৭১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম ছয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন ও রাজশাহী বিভাগে ১০ জন মারা গেছেন।
একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৮ শতাংশ।