২ মাস পর বরিশাল বিভাগে করোনায় মৃত্যু শূন্য
বরিশাল বিভাগে দুই মাস পর গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর আগে, সর্বশেষ গত ২৬ জুন এই বিভাগে শূন্য মৃত্যু ছিল।
আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। তবে, করোনায় আক্রান্ত হয়ে বিভাগে কারো মৃত্যু হয়নি। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫৪ জনেই আছে।'
তিনি বলেন, 'করোনা পরিস্থিতি ধীরে ধীরে হলেও উন্নতি হচ্ছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১৩ জন এবং সুস্থ হয়েছেন ৮৩২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৬৯৮ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৮৩২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১৯০ জন।'
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত নিয়ে বরিশাল জেলায় নতুন ৩৯ জন নিয়ে মোট ১৭ হাজার ৮২৬ জন, পটুয়াখালীতে নতুন ১৮ জন নিয়ে মোট ৬ হাজার ২৮জন, ভোলায় নতুন ৪৫ জনসহ মোট ৬ হাজার ৪৪৯ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট ৫ হাজার ১৫৩ জন, বরগুনায় নতুন ৪ জনসহ মোট ৩ হাজার ৭১৫ জন ও ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ৫২৭ জন আক্রান্ত হয়েছেন।
শেবাচিমের পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৪ জন ও করোনা ওয়ার্ডে ৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ৯৯ জন চিকিৎসাধীন। তাদের ৫১ জন করোনা ওয়ার্ডে এবং ৪৮ জন আইসোলেশন ওয়ার্ডে আছেন।
গত ২৪ ঘণ্টায় শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন নমুনা পরীক্ষা করা হয় এবং শনাক্তের হার হার ১৪ দশমিক ২৮ শতাংশ।