কে-পপ দিয়ে ফিরছেন সেই ‘বেবি শার্ক বয়’

স্টার অনলাইন ডেস্ক

ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিওর শিশুশিল্পী ‘বেবি শার্ক বয়’ এবার কে-পপ গায়ক হিসেবে ফিরছেন। তবে এখন তিনি একজন তরুণ। আগামী ২০ আগস্ট তার প্রথম একক গান প্রকাশ হওয়ার কথা জানিয়েছে পিঙ্কফং কোম্পানি।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘বেবি শার্ক ড্যান্স’ গানে ছোট্ট বয়সে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন পার্ক গন-রুং। ২০১৬ সালের ১৮ জুন প্রকাশিত সেই ভিডিওটি এখন পর্যন্ত ১৭ দশমিক ২ বিলিয়নের বেশি বার দেখা হয়েছে। টানা ৬৯ মাস ইউটিউবের বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা ভিডিওর তালিকার শীর্ষে ছিল এটি।

এবার ১৭ বছর বয়সী পার্ক নিজের কণ্ঠ দিয়ে ফিরতে চান। তার প্রথম ডিজিটাল সিঙ্গেলের নাম ‘ওয়েভ’।

কোরিয়ান ভাষার গানটির কথা তিনি নিজেই লিখেছেন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দেবেন কে-পপ গ্রুপ মনস্টা এক্সের সদস্য জুহানি।

পার্ক ২০২৫ সালে ‘বেবি শার্ক’ গানের ১০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত কিছু শর্ট ভিডিওতে আবার হাজির হয়েছিলেন। ভিডিওগুলো মোট ২ কোটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছিল।

পার্ক বলেন, ছোটবেলায় যে ভিডিওতে তাকে দেখা গিয়েছিল, মানুষ এত বছর পরও সেটি মনে রেখেছে। এ জন্য তিনি কৃতজ্ঞ। একসময় বেবি শার্কের পাশে দাঁড়িয়ে নাচতেন। এবার নিজের কণ্ঠে নিজের লেখা মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান।

পিঙ্কফং কোম্পানির এক প্রতিনিধি বলেন, বেবি শার্কের সঙ্গে বেড়ে ওঠা এই ছেলেটির সঙ্গে বিশ্বের দর্শকদের একটি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। তাই এটি কেবল পুরোনো সেই শিশুশিল্পীকে ফিরিয়ে আনার ঘটনা নয়; বরং এবার সে নিজের গল্প নিজেই বলবে।

তবে এটিকে প্রচলিত কে-পপ তারকা হিসেবে আত্মপ্রকাশ বলা হচ্ছে না। পিঙ্কফং জানিয়েছে, ‘ওয়েভে’ মূলত একটি বিশেষ এককালীন প্রজেক্ট। গানটি প্রকাশের পর তার ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে পিঙ্কফং শিশুদের বিনোদনের বাইরে বেবি শার্ক ব্র্যান্ডকে কে-পপের বড় বাজারেও নিয়ে যেতে চায়।