প্রথম পারিশ্রমিক দিয়ে মায়ের বন্ধক রাখা গয়না ছাড়িয়েছিলেন নওয়াজউদ্দিন

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সম্প্রতি তার ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যান্ড অ্যাওয়ার্ডসে অংশ নিয়ে প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি ও প্রথম উপার্জনের স্মৃতিচারণ করেন এই অভিনেতা।

Nawazuddin Siddiqui to withdraw 'An Ordinary Life memoir', says he is sorry  for hurt caused
 নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

প্রথমবার সিনেমার পর্দায় নিজেকে দেখে কেমন লেগেছিল, এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, খুব অদ্ভুত লেগেছিল। নিজের মধ্যেই অনেক ভুল খুঁজে পেয়েছিলাম। তখন মনে হয়েছিল, আরও ভালোভাবে অভিনয় করতে পারতাম।

এরপর তিনি তার প্রথম পারিশ্রমিকের গল্প শোনান। নওয়াজউদ্দিন জানান, অভিনয় জীবনের শুরুতে তিনি একটি তেলের ব্র্যান্ডের প্রচারণায় পথনাটকে অংশ নিতেন।

Nawazuddin Siddiqui: 'Ironic that no producer backs small films'
নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

তিনি বলেন, আমরা পাঁচ-ছয়জন অভিনেতা একটি ভ্যানে করে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ওই তেলের বিজ্ঞাপন করতাম। সঙ্গে থাকত হারমোনিয়াম ও দাফলি। অনেক সময় মানুষ জড়ো না হলে আমরা ইচ্ছাকৃতভাবে ঝগড়ার অভিনয় করতাম, যেন লোকজন ভিড় করে। এরপর আমরা পথনাটক শুরু করতাম।

সেখান থেকেই তিনি জীবনের প্রথম চেক পান।

নওয়াজউদ্দিন বলেন, প্রথম চেকটি মায়ের হাতে তুলে দিয়েছিলাম। তখন তিনি গয়না বন্ধক রেখেছিলেন। আমার প্রথম উপার্জনের টাকায় সেই গয়নাগুলো ছাড়িয়ে আনতে পেরেছিলেন।

Bollywood star Siddiqui takes 'free speech' hero to Cannes
 নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবি: সংগৃহীত

প্রথম পারিশ্রমিকের পরিমাণ নিয়ে তিনি বলেন, আমরা দিনে পাঁচ-ছয়টি শো করতাম। প্রতিটি শোর জন্য ১০০ রুপি করে পেতাম। ফলে মোট ৫০০ থেকে ৬০০ রুপি পেয়েছিলাম।

শুরুর সংগ্রামের সেই দিনগুলোর স্মৃতি আজও নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছে বিশেষ আবেগের। কারণ তার প্রথম উপার্জনই মায়ের বড় দুশ্চিন্তা দূর করতে সাহায্য করেছিল।