২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
সঞ্চালন লাইন প্রতিস্থাপন কাজের কারণে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও শ্যামপুর (বিসিক) এলাকায় ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) ভেতরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।
এছাড়া, এর আশেপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।