জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে বিভাগীয় শহরগুলোতে
চলমান বৈশ্বিক সংকটের মধ্যে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের সরবরাহ ১০ শতাংশ বাড়িয়েছে সরকার।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) সরবরাহ গড়ের তুলনায় ২৫ শতাংশ কমানোর পরিবর্তে এখন ১৫ শতাংশ কমানো হবে এবং বরাদ্দ তালিকা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান বৈশ্বিক সংকটের মধ্যে সারা দেশে জনসাধারণের চাহিদার কথা বিবেচনা করে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ বজায় রাখতে বিপিসি এই নির্দেশনা জারি করেছে।
এর আগে জ্বালানি তেলের সরবরাহ ২৫ শতাংশ কমানো হয়েছিল।
করপোরেশনের বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপারিনটেনডেন্ট, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের নতুন এই হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।