জ্বালানি খাতে শৃঙ্খলায় ডিসিদের যেসব নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দেশের জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা-সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য এ নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এতে ভার্চুয়ালি অংশ নেন মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক।

প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার মধ্যে রয়েছে—প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট দেওয়া, ডিপো থেকে পেট্রল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, সব কাস্টমারকে (পেট্রল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা, পেট্রল পাম্প বন্ধ হলে কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা, অবৈধ মজুত রোধ করা, তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলের পাচার বন্ধ করা, অধিক মূল্যে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্ট যেন না বাড়ে বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। সবাইকে এ বিষয়ে সচেতন থেকে আরও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে কিছু নির্দেশনা জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের আহ্বান জানান তিনি। সেগুলো হলো—শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে থাকা সব ধরনের আলোকসজ্জা বাতি বন্ধ রাখা, এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা ও দোকান বন্ধের পর সাইনবোর্ডের আলো নিভিয়ে রাখা।

এর আগে জ্বালানি মন্ত্রণালয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতা কামনা করেন। নেতারা আশ্বস্ত করেন, পারস্পরিক আলোচনা ও সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে।