প্রান্তিক গ্রাহকের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহার
বিদ্যুতের আবাসিক পর্যায়ে প্রান্তিক গ্রাহকদের জন্য নতুন করে নির্ধারিত বাড়তি মূল্য প্রত্যাহার করা হয়েছে।
বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকশ্রেণির লাইফলাইন ০-৫০ ইউনিট এবং আবাসিক প্রথম ধাপের ০-৭৫ ইউনিট পর্যন্ত এই ২ শ্রেণির গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ছে না।
এই গ্রাহকদের আগের মতোই প্রতি ইউনিট যথাক্রমে ৪ টাকা ৬৩ পয়সা ও ৫ টাকা ২৬ পয়সা হারে বিল পরিশোধ করতে হবে।
তবে, অন্য সব শ্রেণির গ্রাহকদের বিদ্যুতের মূল্য গতকাল বুধবারের ঘোষণা অনুযায়ী পরিশোধ করতে হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, দুই শ্রেণির গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের আগের দাম বহাল রাখায় বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকার অতিরিক্ত ভর্তুকি দিয়ে সমন্বয় করবে।
