দুই জেলায় ১০ ফুট দৈর্ঘ্যের ২ অজগর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ও লালমনিরহাট

কুড়িগ্রাম ও মৌলভীবাজার থেকে ১০ ফুট দৈর্ঘ্যের দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ও দুপুরে দুই জেলায় পৃথক ঘটনা দুটি ঘটে।

কুড়িগ্রাম

সকালে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কিসামত ফুলবাড়ী গ্রামের এক বসতবাড়ির কাছে অজগরটি দেখা গেলে এলাকাবাসী বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করেন।

কুড়িগ্রাম জেলা বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনার জন্য রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।’

মৌলভীবাজার

আজ দুপুরে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে কাজ করার সময় চা-শ্রমিকরা অজগরটি দেখতে পান। পরে বাগান ব্যবস্থাপক মিজানুর রহমান বন্যপ্রাণী উদ্ধারকাজে নিয়োজিত সংগঠন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সঙ্গে যোগাযোগ করেন।

সিলেট বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি।

ডেইলি স্টারকে তিনি বলেন, ‘দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকায় সাপটি অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্রে হস্তান্তর করা হয়। সেখানে বন বিভাগের তত্ত্বাবধানে এর চিকিৎসা চলবে।’

শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘উদ্ধারকেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে অজগরটিকে আবারও তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’