ব্রাজিল ৪ গোলে জিতলেও নজরকাড়ল ভারতের পারফরম্যান্স

ক্রীড়া প্রতিবেদক

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ১৩৩ ধাপ এগিয়ে ব্রাজিল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দক্ষিণ এশিয়ার দেশটির বিপক্ষে গোল উৎসব করবে, এটাই ছিল সহজ অনুমান। তবে ব্রাজিলকে অনেকটা সময় রুখে দিতে পারল তারা, এমনকি তৈরি করল কিছু সুযোগও!

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। চতুর্থ গোলটি আসে একদম অন্তিম সময়ে। জোড়া গোল করে ব্রাজিলের জয়ের নায়ক সামুয়েল লিনো। অন্য দুটি গোল করেছেন এস্তেভাও ও পেদ্রো।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় ব্রাজিল। তবে ভারতের সুসংগঠিত রক্ষণভাগের দৃঢ়তায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ কিছুক্ষণ গোলবঞ্চিত রাখে স্বাগতিকরা। ২৮ মিনিটে চেলসির তরুণ প্রতিভা এস্তেভাওয়ের চমৎকার গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির ঠিক আগে অভিজ্ঞ ফরোয়ার্ড পেদ্রোর গোলে ব্যবধান ২-০ করে ড্রেসিংরুমে যায় কার্লো আনচেলোত্তির দল।

দ্বিতীয়ার্ধে একাদশে একাধিক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ। বদলি হিসেবে মাঠে নামেন সামুয়েল লিনো। মাঠে নেমেই চমৎকার এক ফিনিশিংয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।

তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ভারত। ব্রাজিলের শক্ত রক্ষণের ফাঁক গলে কয়েকবার পাল্টা আক্রমণে উঠে ব্যবধান কমানোর ভালো সুযোগ তৈরি করেছিল স্বাগতিক ফরোয়ার্ডরা। বিশেষ করে মানবীর সিং ও রায়ান উইলিয়ামস মিলে তৈরি করেন একাধিক সুযোগ, তবে শেষ মুহূর্তের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। ম্যাচের একদম শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন সামুয়েল লিনো। 

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে ভারতের এমন লড়াকু ফুটবল সল্টলেকের দর্শকদের পাশাপাশি ফুটবল বিশ্লেষকদেরও নজর কেড়েছে।