সহজে বানিয়ে ফেলুন কাগজের প্রজাপতি
কাগজ ভাঁজ করে নানা ধরনের নকশা তৈরির জাপানি শিল্পের নাম অরিগ্যামি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি অরিগ্যামি হলো প্রজাপতি। এটি দেখতে সুন্দর, বানানোও সহজ। মাত্র ৫ থেকে ১০ মিনিটেই বানানো যায় একটি রঙিন কাগজের প্রজাপতি।
জাপানি সংস্কৃতিতে প্রজাপতি পরিবর্তন, নতুন শুরু এবং সৌন্দর্যের প্রতীক। তাই অরিগ্যামিতেও এর বিশেষ গুরুত্ব রয়েছে।
যা লাগবে
- একটি বর্গাকার (স্কয়ার) কাগজ
- সময় ৫ থেকে ১০ মিনিট
রঙিন বা নকশাযুক্ত কাগজ ব্যবহার করলে প্রজাপতিটি আরও সুন্দর দেখাবে।
ধাপ ১
কাগজের সাদা দিক ওপরে রেখে মাঝ বরাবর একবার আড়াআড়ি ভাঁজ করতে হবে। তারপর খুলে ফেলতে হবে। এবার লম্বালম্বি ভাঁজ করে আবার খুলতে হবে।
ধাপ ২
এবার কাগজটি উল্টে নিতে হবে।
ধাপ ৩
এবার দুই কোণা মিলিয়ে তির্যকভাবে (ডায়াগোনাল) দুই দিকেই ভাঁজ করতে হবে। তারপর আবার খুলে ফেলতে হবে।
ধাপ ৪
এবার চারটি কোণই কাগজের ঠিক মাঝখানে এনে ভাঁজ করে নিতে হবে। এরপর আবার খুলে দিতে হবে।
টিপস: কাগজের মাঝখান ঠিক করতে আগে তৈরি করা ভাঁজের দাগগুলো অনুসরণ করতে হবে।
ধাপ ৫
আবার কাগজটি উল্টে দিতে হবে।
ধাপ ৬
এবার চার পাশের প্রতিটি দিক মাঝের রেখা পর্যন্ত ভাঁজ করতে হবে। তারপর আবার খুলে ফেলতে হবে।
টিপস: আগের ভাঁজের দাগগুলো ঠিকমতো মিলছে কি না খেয়াল রাখতে হবে।
ধাপ ৭
এবার আগের সব ভাঁজের দাগ অনুসরণ করে কাগজটি ধীরে ধীরে ভেতরের দিকে গুটিয়ে নিতে হবে। তাহলে কাগজটি নিজেই একটি নতুন আকার নিতে শুরু করবে।
ধাপ ৮
নিচের অংশটি আগের ভাঁজের দাগ ধরে ওপরে তুলতে হবে। এতে দুই পাশের কোণ একটু বাইরে চলে আসবে।
ধাপ ৯
নিচের দুই পাশের ছোট অংশ নিচের দিকে ভাঁজ করতে হবে।
ধাপ ১০
ওপরের অংশটি পেছনের দিকে ভাঁজ করে নিতে হতে।
ধাপ ১১
ওপরের দুই পাশের অংশ ভাঁজ করতে হবে ভেতরের দিকে। এতে প্রজাপতির শরীর সরু হবে।
টিপস: দুই পাশ যেন সমান হয়, সেদিকে খেয়াল রাখা দরকার।
ধাপ ১২
এবার পুরো মডেলটি ভাঁজ করতে হবে মাঝ বরাবর।
ধাপ ১৩
ওপরের ডানাটি এক পাশে ভাঁজ করে নিতে। কতটা ভাঁজ করতে হবে, তা নিজের পছন্দমতো ঠিক করা যাবে।
ধাপ ১৪
কাগজটি উল্টে দিন।
ধাপ ১৫
অন্য পাশের ডানাটিও একইভাবে ভাঁজ করতে হবে। এরপর আলতো করে দুই ডানা ছড়িয়ে দিতে হবে এবং মাঝখানটা সামান্য ভাঁজ করে দিলেই হবে। এতে প্রজাপতিটি আরও সুন্দর হয়ে উঠবে।
মাত্র কয়েকটি সহজ ভাঁজে তৈরি হয়ে গেল সুন্দর একটি।
চাইলে বিভিন্ন রঙের বা নকশাযুক্ত কাগজ দিয়ে আরও অনেক প্রজাপতি বানিয়ে পড়ার ঘর সাজানো যেতে পারে। এগুলো শুভেচ্ছা কার্ড, বইয়ের বুকমার্ক, উপহারের সাজসজ্জা কিংবা শিশুদের হাতের কাজের জন্যও দারুণ উপযোগী।