দেশে হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১১।
এর আগে একদিনে সর্বোচ্চ ১২ শিশু মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকা ও অপরজন চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে মোট ৫২ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৫ শিশু মারা গেছে। এর মধ্যে চার শিশু ঢাকা ও বাকি ১১ শিশু চট্টগ্রাম বিভাগের। এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ২৫৯।
নতুন করে আরও ১৫৪ শিশুর হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৪৬৭। আর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৩০২ শিশুর। এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৭৯৩ শিশুর উপসর্গ নিশ্চিত হওয়া গেছে।
