গুটি বসন্তে নয়, চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন গাইবান্ধার সেই শিক্ষক: চিকিৎসক
গাইবান্ধার সদর উপজেলায় বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন।
তার মৃত্যুর পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইতিশ ‘গুটি বসন্তে’ (স্মল পক্স) আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন, মৃত্যুর আগে ইতিশ চন্দ্র দাস চিকেন পক্সে হয়েছিলেন।
তিনি উপজেলার খোলাহাটি ইউনিয়নের খোলাহাটি বোডঘর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং খোলাহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১টার দিকে নিজ বাড়িতে ইতিশ মারা যান। গত মঙ্গলবার বসন্ত রোগে আক্রান্ত হওয়ার পর তিনি স্থানীয় এক কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘গুটি বসন্ত’ ফিরে এসেছে এমন তথ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতাল থেকে তিনজনকে পাঠানো হয়েছিল। গুটি বসন্ত বলে যে খবর ছাড়ানো হয়েছে, তা ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘এই পরিবারের আরও কয়েকজন চিকেন পক্সকে আক্রান্ত হয়েছেন।’
গাইবান্ধার সিভিল সার্জন রফিকুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘গুটি বসন্ত অনেক বছর আগেই বিলুপ্ত হয়েছে। আমরা লোক পাঠিয়ে নিশ্চিত হয়েছি, এই শিক্ষক চিকেন পক্সে আক্রান্ত হয়েছিলেন।’
‘সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে সহজে কেউ মারা যান না। তবে তিনি হয়তো জটিল অন্য কোনো রোগে (কো-মরবিডিটি) আক্রান্ত ছিলেন,’ বলেন রফিকুজ্জামান।