হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪৩।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট ৫৮ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশু সিলেট, দুই শিশু ঢাকা ও এক শিশু খুলনা বিভাগের। এ নিয়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮৫।
নতুন করে আরও ২৮২ শিশুর হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৯০। আর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ২১২ শিশুর। এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ৭১০ শিশুর উপসর্গ নিশ্চিত হওয়া গেছে।
