হয়রানির প্রতিবাদে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী

রোগীর স্বজনদের হাতে ক্রমাগত হয়রানি এবং ‘মব সংস্কৃতি’র প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে তারা এই কর্মসূচি শুরু করেন। কর্মবিরতি চলাকালে হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, গত রোববার ও সোমবার টানা দুদিনে হাসপাতালের ভিন্ন দুটি ওয়ার্ডে রোগীর স্বজনদের হাতে অন্তত তিনজন ইন্টার্ন চিকিৎসক হয়রানির শিকার হয়েছেন।

এর মধ্যে রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসককে হেনস্তা করেন রোগীর স্বজনেরা। পরদিন সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককে অবরুদ্ধ করে একদল লোক হেনস্তা করেন।

আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকেরা জানান, এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার না হওয়ায় তারা কর্মবিরতিতে নেমেছেন। কর্মবিরতি শেষে আগামীকাল বুধবার সকালে হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তারা।

ইন্টার্ন চিকিৎসকেরা বলেন, প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিয়ে গেলেও কর্মস্থলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। অবিলম্বে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।