দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু এসকেএফ ও নভো নরডিস্কের

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) উৎপাদনের ঘোষণা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নভো নরডিস্ক বাংলাদেশ।

ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের প্রযুক্তি ব্যবহার করে এই চুক্তিভিত্তিক উৎপাদন শুরু করেছে এসকেএফ।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ‘সাবাশ বাংলাদেশ: ডেনমার্ক থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আধুনিক ইনসুলিনের প্রাপ্যতা বৃদ্ধি’ শীর্ষক এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। 

এতে দেশের ডায়াবেটিসের রোগীদের জন্য আধুনিক ইনসুলিন কার্ট্রিজ এখন থেকে সহজে ও তুলনামূলক কম দামে পাওয়া যাবে।

প্রথমবারের মতো বাংলাদেশে প্রিমিক্স ও দ্রুত কার্যকর আধুনিক ইনসুলিন কার্ট্রিজ আন্তর্জাতিক মানদণ্ডের প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে তৈরি করা হবে। দেশে উৎপাদিত প্রতিটি ব্যাচের গুণগত মান ডেনমার্কে যাচাই করা হবে, যাতে নভো নরডিস্কের বৈশ্বিক মান বজায় থাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘এই উদ্যোগ আমাদের উন্নত বায়োফার্মাসিউটিক্যাল উৎপাদন সক্ষমতা বাড়ানোর অগ্রগতিকে তুলে ধরে। এটি জীবনরক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করবে, উচ্চমানের ইনসুলিন সরবরাহ সহজ করবে ও স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে।’

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘স্বাস্থ্য উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। ডেনিশ উদ্ভাবন কীভাবে মানসম্মত ডায়াবেটিস চিকিৎসা সহজলভ্য করতে পারে, পাশাপাশি দেশের বায়োম্যানুফ্যাকচারিং সক্ষমতাও বাড়াতে সহায়তা করে, সেটিই প্রমাণ করে এ উদ্যোগ।’

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ধারণা করা হচ্ছে, ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখে পৌঁছাতে পারে। ফলে নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসার প্রয়োজন আরও বাড়তে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার, নোভো নরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. রিয়াদ মামুন প্রধানি ও ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, নভো নরডিস্কের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় থ্যায়গারাজন, বারডেম একাডেমির পরিচালক ফারুক পাঠান, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক ইখতিয়ার হোসাইন, অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন ও জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া প্রমুখ।