বিশ্ব ক্যানসার সার্ভাইভার দিবস

ক্যানসার তহবিল, স্বাস্থ্য কার্ড, পুনর্বাসন ও মানবিক সমাজ গঠনের আহ্বান সিসিসিএফের

স্টার অনলাইন রিপোর্ট

ক্যানসার আক্রান্ত ও সার্ভাইভারদের চিকিৎসা, পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমন্বিত রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সেন্টার ফর ক্যানসার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)।

বিশ্ব ক্যানসার সার্ভাইভার দিবস উপলক্ষে সিসিসিএফ এ আহ্বান জানায়।

আজ ৭ জুন বিশ্ব ক্যানসার সার্ভাইভার দিবস। একইসঙ্গে জুন মাসজুড়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ক্যানসার সার্ভাইভার মাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিসিএফ জানায়, আন্তর্জাতিকভাবে ক্যানসার শনাক্ত হওয়ার মুহূর্ত থেকে চিকিৎসা-পরবর্তী জীবন পর্যন্ত একজন ব্যক্তিকে ক্যানসার সার্ভাইভার হিসেবে বিবেচনা করা হয়। ফলে ক্যানসার আক্রান্ত ও সার্ভাইভারদের প্রয়োজন, অধিকার ও জীবনমানের বিষয়গুলোকে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করা জরুরি।

সিসিসিএফ মনে করে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ক্যানসার চিকিৎসার অবিচ্ছেদ্য অংশ হিসেবে সার্ভাইভারশিপ কেয়ার, কাউন্সেলিং ও রিহ্যাবিলিটেশনকে গুরুত্ব দেওয়া হলেও বাংলাদেশে বিষয়টি এখনও পর্যাপ্ত গুরুত্ব পায়নি। ক্যানসার সার্ভাইভারদের জন্য সমন্বিত পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

বিশ্ব ক্যানসার সার্ভাইভার দিবস উপলক্ষে সিসিসিএফ বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—রাষ্ট্রীয় ক্যানসার তহবিল গঠন, ওষুধের দাম কমানো এবং বিশেষ স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে সুলভে চিকিৎসা নিশ্চিত করা।

এ ছাড়া, মহাখালী ক্যানসার হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিসহ সব জেলা ও বিভাগীয় পর্যায়ে আধুনিক ক্যানসার ইউনিট, কেমোথেরাপি ও প্যালিয়েটিভ কেয়ার চালুর দাবি জানিয়েছে তারা।

রোগীদের জন্য পুনর্বাসন, কাউন্সেলিং, ঢাকায় রোগী নিবাস স্থাপন, গণপরিবহনে বিশেষ সুবিধা ও সমাজভিত্তিক রেজিস্ট্রি চালুর প্রস্তাবও করেছে সিসিসিএফ। ক্যানসার প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করার পাশাপাশি নিরাপদ খাদ্য, দূষণমুক্ত পরিবেশ ও ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানিয়েছে।

ক্যান্সার কেবল স্বাস্থ্যগত সমস্যা নয়। এটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জও। তাই ক্যানসার আক্রান্ত ও সার্ভাইভারদের প্রতি সমাজের ইতিবাচক, সহানুভূতিশীল ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রয়োজন।

সংগঠনটি ক্যানসার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা, ভয় ও সামাজিক কলঙ্ক দূর করতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সব প্রচারমাধ্যমকে সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান সিসিসিএফ ২০২৩ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা ক্যানসার সার্ভাইভারদের সম্মাননা প্রদান করে আসছে।

গত তিন বছরে সংগঠনটি ২৯ জন ক্যানসার সার্ভাইভারকে সম্মাননা দিয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৮ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠেয় আয়োজনে সাতজনকে ‘ক্যানসার সার্ভাইভার সম্মাননা’ প্রদান করা হবে।