যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়াকে নিয়ে যৌথ মহড়ার ঘোষণা ইরানের

স্টার অনলাইন ডেস্ক

জেনেভায় আয়োজিত তেহরান ও ওয়াশিংটনের সর্বশেষ দফা বৈঠকের পর ওমান সাগরে নৌ মহড়া চালাবে ইরান ও রাশিয়া।

ইরানি বার্তা সংস্থা আইএসএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরে ইরান ও রাশিয়ার যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হবে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মহড়া শুরু করে। এ মহড়াকে ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর জন্য এক ধরনের বার্তা হিসেবে দেখা হচ্ছে।

মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাঘসুদলুর আইএসএনএকে বলেন, মহড়ার লক্ষ্য হলো সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক আরও গভীর করা।

তবে, মহড়ার মেয়াদ সম্পর্কে তিনি কিছু বলেননি বলে জানিয়েছে এএফপি।

এএফপি জানায়, মঙ্গলবার জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনার পর ইরান ইতিবাচক বক্তব্য দেওয়ার প্রেক্ষাপটে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২৫ সালের জুনে ইরানের ওপর ইসরায়েলের নজিরবিহীন হামলার পর দুই বৈরী দেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়। ওই সময় ইরান-ইসরায়েলের মধ্যকার ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য অংশ নেয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে 'আর্মাডা' নামে সামরিক বহর মোতায়েন করেছেন।

এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার সময়ে ইরানি কর্মকর্তারা বারবার হরমুজ প্রণালি বন্ধ করার হুমকি দিলেও বাস্তবে তা কখনো বন্ধ করা হয়নি। যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে চাপ বাড়ায় বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ আলোচনায় এসেছে।

মঙ্গলবার ইরান ঘোষণা দেয়, মহড়ার সময় নিরাপত্তাজনিত কারণে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ রাখা হবে।