যে কারণে বুর্জ খলিফায় ভেসে উঠল মোদির মুখ
বিশ্বের উচ্চতম অট্টালিকা বুর্জ খলিফার বিষয়ে জানেন না, এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে
দুবাই শহরের শোভা এই অট্টালিকার গায়ে হঠাৎ করেই কেন ভেসে উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখাবয়ব ও ভারতের তেরঙ্গা পতাকা?
বিষয়টি নিয়ে জল্পনাকল্পনা শুরু হতে না হতেই মিলল চমকপ্রদ ব্যাখ্যা।
কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেদিন সন্ধ্যায় বুর্জ খলিফার ওপর ভিডিও প্রক্ষেপণ প্রযুক্তির মাধ্যমে ভারতের নেতা ও তার দেশের পতাকার ছবি ফুটে ওঠে।
পরবর্তীতে দুবাইতে নিযুক্ত ভারতের কনসুলেট এই ঘটনার একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করলে বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
আজ শুক্রবার দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
কনসুলেটের পোস্টে বলা হয়, ‘এইমাত্র ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।’ পোস্টে বুর্জ খলিফার এই প্রদর্শনীকে উদ্ভাবনী ও নতুন প্রযুক্তি খাতে ভারতের নেতৃত্বস্থানীয় ভূমিকার প্রতিফলন হিসেবে বর্ণনা করা হয়।
‘এআই নিয়ে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে প্রস্ফুটিত হচ্ছে—উচ্চাভিলাষ, অভিনবত্ব ও বৈশ্বিক মাত্রা, সব কিছু এক ফ্রেমে ধরা পড়েছে’, পোস্টে আরও বলা হয়।
এসব ঘটনার নেপথ্যে আছে ভারতের এআই সম্মেলন। নয়াদিল্লীতে ‘এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’ নামের সম্মেলন শুরু হয়েছে ১৬ ফেব্রুয়ারি। চলবে আজ শুক্রবার ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সম্মেলনের সভাপতি ভারত ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি নিজেই। ওই অনুষ্ঠানকে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় এআই সম্মেলন আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা।
বুর্জ খলিফায় ফুটে ওঠা বাক্যগুলো যেন সেই দাবির স্বপক্ষে অকাট্য প্রমাণ—‘বিশ্ববাসীর কল্যাণে ভারতের হাত ধরে তৈরি হচ্ছে এআইর ভবিষ্যৎ।’
সম্মেলনের মুল-সূর ‘সবার জন্য কল্যাণ...সবার জন্য সুখ’। এই বাক্যটিও বুর্জ খলিফার বুকে ফুটে উঠে
পাশাপাশি, সম্মেলনের দিন-তারিখ ও অনুষ্ঠানটি লাইভ দেখার অনুরোধও জানানো হয়।
পাঁচ দিনের সম্মেলনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সরকারপ্রধান, মন্ত্রী, বিনিয়োগকারী ও প্রযুক্তি জগতের বড় বড় দিকপাল অংশ নিয়েছেন।
অন্যান্যদের মধ্যে সম্মেলনের অতিথিদের মধ্যে ছিলেন আবুধাবির রাজপুত্র শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতিনিধি হিসেবে তিনি নয়াদিল্লি গিয়ে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
রাজপুত্রের এটি দ্বিতীয় ভারত সফর। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারত সফর করেন তিনি।
সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন শেখ খালেদ। ওই বৈঠকে অর্থনীতি, প্রযুক্তি, বাণিজ্য ও স্বাস্থ্যসেবা ও বিমা খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এআই সম্মেলনে ৫৮টি সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেন।
এক যৌথ বিবৃতিতে তারা ভবিষ্যতে দায়িত্বশীল এআই সুশাসন প্রক্রিয়া চালুর রোডম্যাপ ও আন্তদেশীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
India just took AI to new heights 🇮🇳
The India AI Summit video showcased on the Burj Khalifa reflects 🇮🇳’s growing leadership in innovation and emerging technologies.
India’s vision for AI resonating on a global stage — ambition, innovation, and global scale all in one frame.… pic.twitter.com/dnQ9f6KAOw— India in Dubai (@cgidubai) February 19, 2026


