সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

স্টার অনলাইন রিপোর্ট

মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে এমন সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত বিমান চলাচল সংকটের কথা বিবেচনা করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 

এতে বলা হয়, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে কিংবা শেষের পথে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বা ইলেকট্রনিক পদ্ধতিতে বাড়ানো হবে। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরে যাওয়ার প্রয়োজন নেই এবং কোনো বাড়তি আবেদন বা ফি-ও লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা পাওয়া যাবে।

তবে মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে যে, যাদের ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারির আগে শেষ হয়েছে এবং আইন ভঙ্গ করেছেন, তাদের নিয়ম অনুযায়ী জরিমানা দিতে হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কাতারগামী অনেক বাংলাদেশি প্রবাসী নিজ দেশে আটকা পড়েছেন। সময়মতো ফ্লাইট ধরতে না পারায় অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে ছিল। কাতারের এই সিদ্ধান্তে তাদের জন্য বড় ধরনের স্বস্তি।