মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠাল অস্ট্রেলিয়া
বাড়তে থাকা সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। আল জাজিরার খবরে এমনটি বলা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি জরুরি পরিকল্পনার (কন্টিনজেন্সি প্ল্যান) অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অস্ট্রেলীয় সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে।
অস্ট্রেলীয় পার্লামেন্টে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, সরকার ওই অঞ্চলে ছয়টি ক্রাইসিস রেসপন্স টিম পাঠিয়েছে।
তিনি বলেন, আমরা চলতি সপ্তাহের শুরুর দিকে আমাদের জরুরি পরিকল্পনার অংশ হিসেবে সামরিক সরঞ্জাম পাঠিয়েছি।
প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে যে দুটি সামরিক উড়োজাহাজ পাঠানো হয়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে ক্যানবেরায় যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, (যুদ্ধে) অংশ নেওয়ার সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করা যায় না।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। আজ ষষ্ঠ দিন বৃহস্পতিবারও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।