জ্বালানি সংকট: এমপিদের বেতন ২৫% কমাচ্ছে পাকিস্তান, সরকারি অফিস ৪ দিন
মধ্যপ্রাচ্যে সংঘাত পরিস্থিতির জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন পরিকল্পনা’ ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তানি সংবাদপত্র ডনকে উদ্ধৃত করে আল জাজিরা এমনটি জানিয়েছে।
গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা দেন, এখন থেকে সব সরকারি অফিস সপ্তাহে চার দিন কাজ করবে।
এ ছাড়া আগামী দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে।
প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে তাদের ৫০ শতাংশ কর্মীর বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন পরিকল্পনার আওতায় আগামী দুই মাসের জন্য সব সরকারি ও দাপ্তরিক যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দেওয়া হবে।
এ ছাড়া প্রধানমন্ত্রী সব সংসদ সদস্যের বেতন ২৫ শতাংশ কমানোর ঘোষণাও দিয়েছেন।
দেশটিতে ২০ গ্রেড এবং তার ওপরের সকল সরকারি কর্মকর্তা, অর্থাৎ যাদের মাসিক আয় ৩ লাখ রুপির বেশি, জনসাধারণকে স্বস্তি দিতে তাদের দুই দিনের বেতন কাটা হবে। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের ব্যয়ও ২০ শতাংশ কমানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, কোনো ফেডারেল মন্ত্রী, উপদেষ্টা বা বিশেষ সহকারী আগামী দুই মাস বেতন পাবেন না। সকল ফেডারেল ও প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।