রাশিয়ার কিছু তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সাময়িক অনুমোদন

স্টার অনলাইন ডেস্ক

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় এবং জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় সাগরে থাকা রাশিয়ার তেল বিক্রির সাময়িক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই অনুমোদনের মাধ্যমে তা সাময়িকভাবে শিথিল করা হলো।

গতকাল বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহ এবং বিক্রির অনুমতি দিয়ে একটি অনুমোদনপত্র জারি করে। 

এই অনুমোদনপত্র অনুযায়ী, ১২ মার্চের আগে যে পরিমাণ রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে তোলা হয়েছে, তা আগামী ১১ এপ্রিল পর্যন্ত সরবরাহ ও বিক্রি করা যাবে।

গত সপ্তাহে সাগরে আটকে পড়া রাশিয়ার তেল ভারতের কাছে বিক্রির সাময়িক অনুমতির পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই নতুন ঘোষণা এলো।

এক বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বর্তমানে তেলের যে সরবরাহ রয়েছে, তা যেন বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়া যায়—সেই লক্ষ্যেই এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

তবে তিনি জোর দিয়ে বলেন, এটি একটি সুনির্দিষ্ট এবং সাময়িক পদক্ষেপ।

তিনি আরও যোগ করেন, এটি রুশ সরকারকে উল্লেখযোগ্য কোনো আর্থিক সুবিধা দেবে না, কারণ রাশিয়া তাদের জ্বালানি আয়ের সিংহভাগ তেল উত্তোলনের সময় আরোপিত কর থেকেই সংগ্রহ করে থাকে।

বেসেন্ট এর আগে জানিয়েছিলেন, রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা আরও শিথিল করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বের জ্বালানি ও পরিবহন খাতকে ওলটপালট করে দিয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সব ধরনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এই পথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহন করা হয়।