ইসরায়েলে ২৪ ঘণ্টায় আহত ১৯২, নিহত বেড়ে ১৪

স্টার অনলাইন ডেস্ক

নিরাপত্তাপ্রধান আলি লারিজানি ও বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা জোরদার করেছে ইরান। তেল আবিবে মুহুর্মুহু ক্লাস্টার ওয়ারহেডযুক্ত (গুচ্ছ বোমা) ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এতে ইসরায়েলে হতাহতের সংখ্যাও বাড়ছে।

রয়টার্স বলছে, মঙ্গলবার রাতের হামলায় তেল আবিবের ঘনবসতিপূর্ণ এক এলাকার কাছে অন্তত দুজন নিহত হন। এলাকাটিতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও রয়েছে। এই হামলার ফলে চলমান যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে পৌঁছেছে।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধারকাজে ইসরায়েলি বাহিনী। ১৮ মার্চ ২০২৬। ছবি: এএফপি

আল জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আহত ১৯২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধারকাজে ইসরায়েলি বাহিনী। ১৮ মার্চ ২০২৬। ছবি: এএফপি

মন্ত্রণালয় জানায়, অধিকাংশই সামান্য আহত হলেও চারজনের অবস্থা গুরুতর।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ট্রেন। ১৮ মার্চ ২০২৬। ছবি: এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৭২৭ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।