ভারতের সঙ্গে প্রীতি ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দল জিতলেও ফের চোটে পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। এই চোটেই ভারতের সঙ্গে ব্রাজিলের বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। ফলে রাফিনিয়াকে ছাড়াই ভারত সফর করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিলের। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জেতা ম্যাচের প্রথমার্ধ শেষে ডান উরুতে অস্বস্তি বোধ করায় তাকে তুলে নেওয়া হয়। নতুন মৌসুমের ঠিক মুখে তার এমন চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছে বার্সেলোনা শিবিরকেও।

Raphinha.jpgএর আগে প্রথম প্রীতি ম্যাচে ৯০ মিনিট মাঠে থেকে রায়ানের শেষ মুহূর্তের সমতাসূচক গোলে সহায়তার পর, দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের সমতাপ্রাপ্তির গোলটি করেন রাফিনিয়া। তবে প্রথমার্ধের বিরতির পরই তাকে তুলে নেন কোচ।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, মেডিকেল পরীক্ষার পর রাফিনিয়াকে স্কোয়াড থেকে মুক্ত দেওয়া হয়েছে। পরীক্ষায় তার ডান উরুর পেশিতে সামান্য এডেমা বা তরল জমতে দেখা গেছে।

আরও উন্নত পরীক্ষা ও পুনর্বাসনের জন্য শিগগিরই বার্সেলোনায় ফিরছেন এই ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'গ্লোবো' জানিয়েছে, চোট খুব মারাত্মক কিছু নয়। তবে একই জায়গায় গত মৌসুমে চারবার চোট পেয়ে ১৫০ দিনেরও বেশি সময় মাঠের বাইরে কাটাতে হয়েছিল বলে এবার কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি ব্রাজিল।

চলতি আন্তর্জাতিক উইন্ডোতে দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন রাফিনিয়া। ১০ নম্বর জার্সি পরে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনিই ছিলেন ব্রাজিলের প্রধান পেনাল্টি টেকার।

আগামী ১ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছাবে ব্রাজিল দল। ৩ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দল পর্যায়ে ভারত ও ব্রাজিলের প্রথম কোনো আন্তর্জাতিক মুখোমুখি লড়াই।

রাফিনিয়া না থাকায় বার্সেলোনা তারকাকে কাছ থেকে দেখার অপেক্ষা বাড়ল কলকাতার ফুটবলপ্রেমীদের। তবে এই অনুপস্থিতির পরও ম্যাচটি ঘিরে ফুটবল পরাশক্তিকে বরণ করে নিতে মুখিয়ে আছে ভারতের তিলোত্তমা নগরী।