ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশের পর ইরান-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পর মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে ফোনালাপ করেছেন ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে বার্তাসংস্থা এএফপি আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।
তবে এই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষ বিশেষ করে ইরানের বৈধ স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য বলেন লাভরভ।
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বিষয়টি উল্লেখ ছিল না।
ফোনালাপের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান।’
তিনি আরও বলেন, ‘এটাই একমাত্র উপায় যা এই অঞ্চলের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমিত করতে পারে।’
ফোনালাপের উদ্যোগ ইরান নিয়েছিল বলে জানিয়েছে মস্কো।
অন্যতম ঘনিষ্ঠ মিত্র হলেও এই যুদ্ধে তেহরানকে এখন পর্যন্ত সামরিক সহায়তা করেনি রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার সমালোচনা করে আসছে।
ইরানের বুশেহরে অবস্থিত দেশটির একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহায়তা করেছিল রাশিয়া।
জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার তথ্য মতে, গত সপ্তাহে একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ওই স্থাপনাটি।
এ বিষয়ে পেসকভ সতর্ক করে বলেন, ‘পারমাণবিক স্থাপনায় হামলা অত্যন্ত বিপজ্জনক এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে।’
