ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালাবে নাকি বিরতি, যুক্তরাষ্ট্রকে একটি বেছে নিতে বলল ইরান
লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রকে হয় ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালানো অথবা যুদ্ধবিরতির একটি বেছে নিতে হবে।
আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী টেলিগ্রামে জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট ও পরিষ্কার। তাই যুক্তরাষ্ট্রকে স্পষ্ট অবস্থান নিতে হবে, ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালাবে নাকি যুদ্ধবিরতিতে যাবে। তাদের যেকোনো একটি বেছে নিতে হবে, দুইটাই একসঙ্গে চালানো যাবে না।
তিনি আরও বলেন, বিশ্ব লেবাননে হত্যাকাণ্ড দেখছে। এখন বল আমেরিকার মাঠে, এবং বিশ্বজনমত দেখছে, যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পালন করবে কিনা।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানের সঙ্গে পুনরায় সংঘর্ষ শুরু করতে প্রস্তুত এবং আমাদের আঙুল এখনও ট্রিগারে আছে।
লেবাননে বিমান হামলার পর তিনি বলেন, সাময়িক অস্ত্রবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত নয়। আমরা তাদের ওপর জোরালো আক্রমণ চালিয়ে যাচ্ছি। আজ সবচেয়ে বড় হামলা চালিয়েছি, যেখানে ১০ মিনিটে ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।