শপথ নিয়েই বিজয়ের চমক: বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ
তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই গুরুত্বপূর্ণ কয়েকটি নথিতে স্বাক্ষর করেন।
তার প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল, গৃহস্থালী গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু করা। এছাড়া নারীদের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং রাজ্যজুড়ে মাদক পাচারবিরোধী ইউনিট তৈরির সিদ্ধান্তেও তিনি অনুমোদন দেন।
শপথ গ্রহণের পর দেওয়া প্রথম ভাষণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় বলেন, ‘আজ থেকে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এক নতুন যুগ শুরু হলো।’
নতুন সরকার গঠনে সমর্থন দেওয়ার জন্য তিনি ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে), ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগসহ বাম দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
তরুণদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তরুণদের কারণেই টিভিকে জয় পেয়েছে। তারা তাদের পরিবারের সদস্যদের আমাদের দলকে ভোট দিতে উৎসাহিত করেছে।
তিনি ‘বিজয় মামাকে’ সমর্থন জানানোর জন্য তরুণদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বিজয় বলেন, আজ আমি যখন বলছি ‘আমি সি. জোসেফ বিজয়’, তখন এর পেছনে আপনারাই কারণ। আমি কোনো ত্রাণকর্তা নই। আমি একজন সাধারণ মানুষ, যে সাধারণ জীবনই যাপন করে।
তিনি আরও বলেন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করব না। যা সম্ভব, আমি শুধু সেটাই করব।
নিজের শৈশবের কথা স্মরণ করে বিজয় বলেন, আমি একজন সহকারী পরিচালকের ছেলে, যিনি সিনেমায় সফল হওয়ার জন্য কঠোর সংগ্রাম করেছেন। তাই দারিদ্র্য ও ক্ষুধা কী জিনিস, আমি খুব ভালো করেই জানি। আমি কোনো রাজকীয় পরিবার থেকে আসিনি।
তিনি আরও যোগ করেন, আমি আপনাদের পরিবারেরই একজন। সিনেমায় আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, তার ঋণ শোধ করতেই আমি রাজনীতিতে এসেছি।
বিজয় জানান, খুব শিগগিরই তামিলনাড়ুর আর্থিক অবস্থা নিয়ে একটি ‘হোয়াইট পেপার’ প্রকাশ করা হবে।
তিনি দাবি করেন, রাজ্যের বকেয়া ঋণ ১০ লাখ কোটি রুপিরও বেশি হয়ে গেছে। সরকারি কোষাগার প্রায় খালি হয়ে গেছে।
তার ভাষায়, আমরা প্রকৃত পরিস্থিতি যাচাই করে জনগণের সামনে সবকিছু স্বচ্ছভাবে তুলে ধরব। সেটাই হবে আমার প্রথম দায়িত্ব।
প্রথম ভাষণে বিজয় নারী নিরাপত্তা জোরদার, মাদক ও মাদকবিরোধী পদক্ষেপ গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, তামিলনাড়ুর মানুষকে আমি নতুন এক শাসনব্যবস্থা ও নতুন সূচনার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

