নেপাল-তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৩৩, নিখোঁজ ৩ হাজার
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে আজ শনিবার পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং ৬৩৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই সংখ্যাগুলোর পরিবর্তন হতে পারে। বড় কোনো বিপর্যয়ের পর বিশৃঙ্খল পরিস্থিতিতে এমনটি অস্বাভাবিক নয়।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাদের দেশে নিখোঁজ মানুষ বেড়ে ২ হাজার ৪২৬ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতে নিখোঁজ মানুষের মোট সংখ্যা এখন ৫৫৪। সংস্থাটি সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সব মিলিয়ে মোট নিখোঁজ দাঁড়িয়েছে অন্তত ২ হাজার ৯৮০ জনে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল শুক্রবার জানায়, ৫১৭ বিদেশি এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে পর্যটক এবং বিদেশি কর্মীও থাকতে পারেন
চীনা কর্মকর্তারা শুক্রবার নিখোঁজ বিদেশিদের সংখ্যা ২৬০ বলে জানিয়েছেন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার জানিয়েছে, তাদের দেশে অন্তত ৬২৬ জনের প্রাণ গেছে, ফলে দুই দেশ মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে অন্তত ৬৩৩ জনে।
নেপাল
নেপাল পর্যটন বোর্ডের শুক্রবারের তথ্য অনুযায়ী, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ৬২২ জনের মধ্যে ১৪৯ জন নেপালি পর্যটক রয়েছেন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে, এই সংখ্যা ১২৭।
ওই এলাকার কতজন নেপালি বাসিন্দা নিখোঁজ রয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি। তবে এই সংখ্যা কয়েকশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চীন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে প্রায় ১০০ চীনা নাগরিক রয়েছেন।
নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, আট চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন তবে ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।
এর বাইরেও সীমান্তের চীনা অংশে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন বলে শনিবার জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
ভারত
নেপাল পর্যটন বোর্ডের শুক্রবারের নতুন তথ্য অনুযায়ী, ভারতের ৯৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন, তবে অন্য ৮৫ জনকে উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, ৯০ মার্কিন নাগরিক নিখোঁজ রয়েছেন। তারা আরও জানায়, তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর তাদের জানা নেই।
নেপাল পর্যটন বোর্ড শুক্রবার জানায়, মার্কিন নাগরিক নিখোঁজের সংখ্যা ৬৫। দুজনকে উদ্ধার করা হয়েছে।
ইউক্রেন
নেপাল পর্যটন বোর্ড শুক্রবার জানিয়েছে, ৬১ জন ইউক্রেনীয় এখনও নিখোঁজ রয়েছেন।
নেপালে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস শুক্রবার জানিয়েছে, তাদের ৬২ নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।
মালয়েশিয়া
নেপাল পর্যটন বোর্ডের মতে মালয়েশিয়ার ৫১ নাগরিক নিখোঁজ রয়েছেন।
অস্ট্রেলিয়া
দেশটির সহকারী অভিবাসন মন্ত্রী ম্যাট থিসলথওয়েট শনিবার ৪১ নাগরিক নিখোঁজ থাকার খবর জানিয়েছেন।
যুক্তরাজ্য
নেপাল পর্যটন বোর্ডের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যের ৩৩ নাগরিক নিখোঁজ রয়েছেন।
লাটভিয়া
নেপাল পর্যটন বোর্ড শুক্রবার জানায়, ২৯ লাটভিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন।
কানাডা
নেপাল পর্যটন বোর্ড জানায়, শুক্রবার পর্যন্ত নিখোঁজদের মধ্যে ২৫ জন কানাডীয় ছিলেন। তবে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় নেপাল ও তিব্বত মিলিয়ে এই সংখ্যাটি ৩০ জন বলে জানিয়েছে।
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে যে, তাদের নয়জন জলবিদ্যুৎ শ্রমিকের কোনো খবর পাওয়া যায়নি।
সিঙ্গাপুর
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নয় সিঙ্গাপুরী নাগরিক নিখোঁজ রয়েছেন।
জার্মানি
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, আট জার্মান নাগরিক নিখোঁজ রয়েছেন।
রাশিয়া
নেপাল পর্যটন বোর্ড শুক্রবার জানায়, নয় রুশ নাগরিক নিখোঁজ রয়েছেন এবং দুইজনকে উদ্ধার করা হয়েছে।
অন্যান্য দেশের নাগরিক
দক্ষিণ আফ্রিকা: ৬ জন; জাপান: ৫ জন; নিউজিল্যান্ড: ৫ জন; ফ্রান্স: ৪ জন; স্পেন: ৩ জন; বেলজিয়াম: ২ জন (১ জন উদ্ধার); হাঙ্গেরি: ৩ জন (পর্যটন বোর্ড বলছে ১ জন); পর্তুগাল: ৩ জন (২ জন নিরাপদ); নেদারল্যান্ডস: ২ জন; ইতালি: ৩ জন নিখোঁজ (পর্যটন বোর্ড বলছে ১ জন নিখোঁজ, ২ জন উদ্ধার); আয়ারল্যান্ড: ২ জন; কাজাখস্তান: ৩ জন; বেলারুশ, ফিনল্যান্ড, ইসরায়েল, লিথুয়ানিয়া, ফিলিপাইন, সার্বিয়া ও ভিয়েতনাম: প্রত্যেকে ১ জন করে; সুইজারল্যান্ড: ১ জন (১ জন উদ্ধার); সুইডেন: ১ জন।
জাতীয়তা নিশ্চিত নয়
চীন তাদের সীমান্তের ভেতরে ২৬০ বিদেশি নিখোঁজ হওয়ার খবর দেয়। তবে তারা কোন দেশের, তা স্পষ্ট করেনি দেশটি।
নেপালে অবস্থানরত পর্যটক নন (কর্মী বা অন্যান্য) এমন বিদেশিদের জাতীয়তা সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।

