সদস্য দেশগুলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যেতে বললেন ট্রাম্প

স্টার অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া’ একটি প্রতিষ্ঠান উল্লেখ করে সব সদস্য দেশকে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প এ কথা জানান বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ট্রাম্প বলেন, ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র। আইসিসির সদস্য সব দেশের প্রতি আমার আহ্বান—এই প্রতিষ্ঠানের সদস্যপদ অবিলম্বে আনুষ্ঠানিকভাবে বাতিল করুন।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইসিসিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার কথা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে আইসিসি। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আইসিসির ওপর ক্ষুব্ধ ওয়াশিংটন। আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে জাতিসংঘে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটন কখনোই মার্কিন সেনাবাহিনীর কোনো সদস্য কিংবা অন্য কাউকে যুক্তরাষ্ট্রবিরোধী আদালতের মুখোমুখি হতে দেবে না।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়। ইসরায়েল, রাশিয়া ও চীনও আইসিসির সদস্য নয়।