প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে মুম্বাইয়ের শিবাজি পার্কে নামছে ককরোচরা

স্টার অনলাইন ডেস্ক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভের পাশাপাশি অক্টোবরের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গতকাল মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে দীপকে জানান, আজ শুক্রবার মুম্বাইয়ের শিবাজি পার্কে বিক্ষোভ করবে তার দল। জ্ঞানেশ কুমারের পদত্যাগ, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা এবং ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া স্থগিত করার দাবি জানাবে সিজেপি।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ করা এবং এতে নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করারও দাবি জানিয়েছে দলটি।

বিক্ষোভের আগে নয়াদিল্লিতে কর্মসূচিস্থলে ব্যারিকেড টেনে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: রয়টার্স

দীপকে জানান, মুম্বাইয়ের পর আরও ছয়টি শহর গোয়া, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খন্ডে বিক্ষোভ করবে সিজেপি। অক্টোবরের শেষ দিকে দিল্লির যন্তর মন্তরে কর্মসূচির মধ্য দিয়ে এ আন্দোলন শেষ হবে। তবে ৬ অক্টোবর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর বিক্ষোভে অংশ নেবে না সিজেপি। দলটি নিজেদের স্বতন্ত্র আন্দোলন চালিয়ে যাবে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অভিশংসনের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে আরেকটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা), রাজ্যসভার সদস্য মনোজ ঝা ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ।

দিল্লি পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। বিক্ষোভে তিন থেকে চার হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ কারণে নয়াদিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভের আগে নয়াদিল্লিতে কর্মসূচিস্থলে পাহারা দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ছবি: রয়টার্স

এই বিক্ষোভ ঘিরে দিল্লি মেট্রোর ১১টি স্টেশনে প্রবেশ ও বের হওয়ার পথ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশনগুলো হলো—জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক, সেবা তীর্থ, মান্ডি হাউস, লোক কল্যাণ মার্গ, আইএনএ, চাওড়ি বাজার, রামকৃষ্ণ আশ্রম মার্গ ও নয়াদিল্লি। তবে রাজীব চক, মান্ডি হাউস, আইএনএ, নয়াদিল্লি ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকবে বলে জানানো হয়েছে।

দ্য হিন্দু বলছে, ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনার মুখে রয়েছেন জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশি ১০ মাসে অন্তত ১৪ বার বিভিন্ন সিদ্ধান্ত ও আদেশের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এ বিতর্ক আরও তীব্র হয়। তাদের আপত্তির মধ্যে এমন কিছু সিদ্ধান্তও ছিল, যেগুলো তাদের অজ্ঞাতসারে নেওয়া হয়েছিল বলেও তারা অভিযোগ করেছেন।