‘র’ এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই: ঢাকার আদালত চত্বরে ভারতীয় নাগরিক

স্টার অনলাইন রিপোর্ট

সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) পর এক ভারতীয় নাগরিককে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন ঢাকার একটি আদালত।

অভিযুক্ত রবিউল ইসলামকে (৪৪) আজ বুধবার আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

শুনানি চলাকালে রবিউল আদালতকে জানান, তিনি গত ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসেন।

পেশা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি উত্তর দেন, 'আমি প্রায়ই বাংলাদেশে আসি। এখানে আমার বন্ধুরা পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মালামাল পাঠায়, আর আমি তা দেখাশোনা করি। আমিও পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত।'

তার ভিসা আছে কি না, জানতে চাইলে ডিবির তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক বিনয় কুমার রায় ভিসা আছে বলে নিশ্চিত করেন।

তবে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, রবিউলের পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সে উল্লেখ করা জন্ম তারিখের সঙ্গে তার পাসপোর্টের জন্ম তারিখের গরমিল রয়েছে এবং জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো উত্তর দিয়েছেন।

ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা রবিউলকে (৪৪) মঙ্গলবার উত্তরার ১১ নম্বর সেক্টর থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, তার আচরণ ও ঘোরাফেরা সন্দেহজনক মনে হয়েছে এবং তিনি নিয়মিত বাংলাদেশ ভ্রমণের সুনির্দিষ্ট কোনো কারণ দেখাতে পারেননি।

প্রতিবেদনে বলা হয়, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল তার পাসপোর্ট দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। তবে তার কাছে থাকা ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র যাচাই করে দেখা গেছে যে তার জন্ম তারিখে গরমিল রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তিনি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন।'

আদালতে নিয়ে যাওয়ার সময় রবিউল সাংবাদিকদের বলেন, 'আমাকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। তারা সন্দেহ করছে যে আমার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' এর এজেন্টদের সংশ্লিষ্টতা আছে। কিন্তু এমন কোনো কিছু নেই।'

গ্রেপ্তারের পর থেকে পুলিশ তাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি বলেও অভিযোগ করেন রবিউল। তিনি বলেন, 'এখন মনে হচ্ছে বাংলাদেশে আসাটাই আমার ভুল হয়েছে।'