চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল
২০২৬ সালের চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।
‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্য বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কার পেলেন তারা। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৩টায় তাদের নাম ঘোষণা করা হয়।
অপটোজেনেটিকস পদ্ধতিতে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো কীভাবে স্মৃতি, অনুভূতি ও আচরণ করে, তা দেখানো সম্ভব।
পুরস্কার ঘোষণার সময় বলা হয়, এই তিন বিজয়ী স্নায়ুবিজ্ঞানে এক নতুন যুগের ভিত্তি স্থাপন করেছেন।
পিটার হেগেমান ও জর্জ নাগেল একটি এককোষী শৈবালের মধ্যে ‘চ্যানেলরোডোপসিন’ নামের এক প্রোটিন আবিষ্কার করেন। পরে কার্ল ডাইসেরথ ওই প্রোটিনকে স্নায়ুকোষের জন্য একটি আলোক-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন।
অপটোজেনেটিকস ব্যবহার করে গবেষকেরা স্নায়ুর বিশেষ সার্কিট উন্মোচন করতে সক্ষম হয়েছেন। এই সার্কিটগুলো নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ন্ত্রণ করে, যা স্নায়বিক ও মানসিক রোগের সঙ্গে সম্পর্কিত।
দৃষ্টিহীন ব্যক্তিদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার চেষ্টায় গবেষকরা এখন এই পদ্ধতি ব্যবহার করছেন।
ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে বলা হয়, মস্তিষ্ক সম্পর্কে আমাদের জানাবোঝাকে আমূল বদলে দিয়েছে অপটোজেনেটিকস।
মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে, এ নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। এই তিন জনের আবিষ্কার সেই রহস্য ভেদ করতে সহায়তা করছেন বিজ্ঞানীদেরকে।
নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যাবে।
চিকিৎসায় নোবেল পুরস্কার প্রদানের মাধ্যমে এ বছরের প্রথম নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এরপর ক্রমান্বয়ে সুইডেন ও নরওয়ে থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
বিজ্ঞান, শান্তি ও সাহিত্যে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের ইচ্ছানুসারে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।