চটজলদি ঝলমলে লুকের জন্য বেছে নিতে পারেন ক্লাসিক বুফান্ট

সাবরিনা এন ভূঁইয়া

কথায় আছে, চুলের সাজ একজন নারীর সাজকে সম্পূর্ণ করে তোলে। সুন্দর কেশবিন্যাসে সাজ হয়ে ওঠে মোহনীয়, আর উল্টোটা হলে পুরো লুকটাই যেন মাটি হয়ে যায়।। সত্যিই কি তাই! সঠিক হেয়ারস্টাইল পুরো লুকটাই বদলে দিতে পারে এবং আরও আকর্ষণীয় করে তোলে।

সুন্দর পোশাক, নিখুঁত মেকআপ এবং আনুষঙ্গিক সাজসজ্জা—সব ঠিক থাকলেও যদি চুল ঠিকমতো বাঁধা না থাকে, তাহলে পুরো লুকটাই ফিকে মনে হয়। ফ্যাশন সচেতন নারী মাত্রই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন; তাদের কাছে সুন্দর সাজে নিজেকে উপস্থাপন করা কোনো চয়েস নয়, বরং লাইফস্টাইলের একটি অংশ।

ফ্যাশন যেন এক চক্রের মতো, ঘুরেফিরে আসে। কয়েক দশক আগে যে স্টাইল একসময় জনপ্রিয় ছিল, সময়ের আবর্তে সেটিই হঠাৎ করে আবার বর্তমানের হাল ফ্যাশন হয়ে ওঠে। সুন্দরের কদর কখনো ফুরোয় না; সময়ের পরিক্রমায় তা আবার নিজের জায়গা করে নেয়। এ প্রসঙ্গে বিখ্যাত কবি লর্ড বায়রনের একটি উক্তি মনে পড়ে, ‘সুন্দর কোনো কিছু চিরকালই আনন্দদায়ক।’

classic bouffant

ষাটের দশকের জনপ্রিয় সেই বুফান্ট হেয়ারস্টাইলও বর্তমানে আবার ট্রেন্ডিং হয়ে উঠেছে। আসলে রেট্রোর সবকিছুই যেন আমাদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করে, আর তার মধ্যে রেট্রো হেয়ারস্টাইলের প্রতি ভালো লাগাটা যেন একটু বেশিই।

চুল উঁচু করে ফুলিয়ে বাঁধার এই হেয়ারস্টাইলটি নারীদের কাছে সবসময়ই বিশেষ পছন্দের। চুলকে খানিকটা উঁচু ও ফোলানো দেখানোর কারণে এটি সাজে বাড়তি গ্ল্যামার যোগ করে। ষাটের দশকে এই স্টাইলের জনপ্রিয়তা শুরু হলেও চুল বাঁধার এই স্ট্রাটেজিতে খানিকটা পরিবর্তন এনে একে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলা যায়। এই হেয়ারস্টাইলটি খুবই মার্জিত ও পরিপাটি দেখায় এবং প্রায় সব ধরনের মুখের গড়নের সঙ্গেই মানিয়ে যায়। 
আরেকটি দারুণ বিষয় হলো, বুফান্ট হেয়ারস্টাইল ট্র্যাডিশনাল ও ওয়েস্টার্ন—সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই, যা সত্যিই একটি চমৎকার লুক তৈরি করে। বিভিন্নভাবে এই হেয়ারস্টাইল করা যায়, তাই যেকোনো পছন্দের পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে চুল বাঁধা সম্ভব।

classic bouffant

কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছেন? আপনার সুন্দর লেহেঙ্গার সঙ্গে বুফান্ট স্টাইলে চুল বেঁধে তাতে কিছু তাজা ফুল গুঁজে দিলে সাজটি হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও নজরকাড়া।

আপনার প্রিয় বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন? সান্ধ্যকালীন অনুষ্ঠানে পছন্দের পোশাকের সঙ্গে চুলের সামনের অংশটা উঁচু করে ফুলিয়ে বেঁধে পেছনের চুলগুলো খোলা রেখে দিলে সাজটা দারুণ মানাবে।

সকালে অফিসে মিটিং শেষে দুপুরে সহকর্মীদের সঙ্গে লাঞ্চের পরিকল্পনা আছে? সেক্ষেত্রে অফিস ব্লেজারের সঙ্গে মানানসই করে চুল হালকা ফুলিয়ে পেছনে একটি পনিটেইল করে নিলে দেখতে দারুণ লাগবে।

প্রত্যেকটি উৎসবের জন্যই রয়েছে বুফান্ট হেয়ারস্টাইলের নানা ধরন; শুধু আপনাকে বেছে নিতে হবে—স্থান, কাল ও পাত্রভেদে কোনটি আপনার জন্য সবচেয়ে মানানসই। হয়তো এবারের ঈদে এটিই হতে পারে আপনার হেয়ারস্টাইল!

অনুবাদ করেছেন শবনম জাবীন চৌধুরী

স্টাইলিং অ্যান্ড ফ্যাশন ডিরেকশন: সোনিয়া ইয়াসমিন ইশা
মডেল: আয়শা আহসান লিন্ডা
মেকওভার: এনামুল হক মাসুম