কুমিল্লায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের দগ্ধ ৪
কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে সকাল ৬টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে। জিল হক ও হুমায়রার অবস্থা আশঙ্কাজনক।