৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন।
আজ শুক্রবার এসব ঘটনা ঘটে।
গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ সকালে এ ঘটনা ঘটে। নিহত সাহেদা বেগম (৬৫) সিরাজগঞ্জের হরিনাথপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওগাত উল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাহেদা বেগম দুই সপ্তাহ আগে গাজীপুরের হরিনহাটি এলাকায় ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য আজ সকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
এদিকে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
যশোর
যশোরের চৌগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন।
আজ বিকেলে উপজেলার আমবাতলা এলাকায় যশোর-চৌগাছা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মকবুল হোসেন (৪৫) পাশাপোল আমজামতলা মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ছিলেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, ‘যশোর শহর থেকে মোটরসাইকেলে গ্রামে ফিরছিলেন মকবুল হোসেন। আমবাতলা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’
মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নিহত হন সুধীর বিশ্বাস (৫০)।
আজ সকালে এ ঘটনা ঘটে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘আলালপুর রেললাইনে সিলেটগামী উদয়নে এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান সুধীর বিশ্বাস। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’