কারওয়ানবাজারে বাসচাপায় সিএনজি অটোরিকশাচালক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কারওয়ানবাজারে বাসের চাপায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে তেজগাঁও মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মামুন ফরায়েজী (৩৫)। এ ঘটনায় অটোরিকশার দুই নারী যাত্রী ও পাশের একটি দোকানের এক কর্মচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, চালক মামুন রাস্তার পাশে অটোরিকশাটি দাঁড় করিয়ে চাকার হাওয়া দিচ্ছিলেন। এ সময় পাশের একটি মোটর পার্টসের দোকানের এক কর্মচারী তাকে সাহায্য করছিলেন। হঠাৎ লাব্বাইক পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক মামুন ও ওই কর্মচারী বাসের নিচে চাপা পড়েন।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১টা ১০ মিনিটের দিকে চালক মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অটোরিকশার ভেতরে থাকা দুই নারী যাত্রী সামান্য আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বাসটি জব্দ করেছে।

দুর্ঘটনার সময় ওই বাসে থাকা যাত্রী জসীম উদ্দিন বলেন, ‘শুরু থেকেই চালক খুব দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও তিনি শোনেননি। একপর্যায়ে বাসটি দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে ধাক্কা দেয়।’