জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের ৩ নারীর মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ে এক নারী ও তার দুই মেয়ের মৃত্যু হয়েছে।
আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব দাগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফাতেমা আক্তার (৫০) ও ফরিদা আক্তার (৩৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ শুরু হওয়া তীব্র কালবৈশাখী ঝড়ের সময় বসতভিটার পাশের একটি বড় মেহগনি গাছ উপড়ে খুকি বেগমের ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে গাছচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ের তীব্রতায় গাছটি উপড়ে ঘরের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে।