আদালত থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আইনজীবী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগড় সদরের আহমদনগর গ্রামে সড়ক দুর্ঘটনায় আইনজীবী সোলায়মান হক (৩৭) নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় পঞ্চগড়–মাড়েয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাকটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিহতের পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।

নিহত সোলায়মান হক পঞ্চগড় বার অ্যাসোসিয়েশনের সদস্য এবং বোদা উপজেলার মাড়েয়া বামনহাট বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোলাইমান হক আদালতের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

আহমদনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটিকে সাইড দিতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।