বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ে ও পটুয়াখালীতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে আজ শুক্রবার টাঙ্গাইল ও পটুয়াখালীতে তিনজনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তি ও তার মেয়ে মারা গেছেন।
দুপুর ২টার দিকে দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মারিয়াকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা জুঁথি জানান, ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামার সময় ওই গ্রামের খালিদুর রহমান (২৯) ও তার মেয়ে খাদিজা আক্তার (৭) বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে।’
এদিকে, পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মারা গেছেন কৃষক মজিবর সরদার (৫৮)।
আজ সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। তিনি লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে।
স্থানীয়দের বরাতে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, বাড়ির পাশের মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মজিবর।
‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে,’ বলেন ওসি।