পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে মো. সায়েম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেরামারা এলাকার বড়থলি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
সায়েম (১৮) ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বাশার আহমেদের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, কয়েক মাস আগে সায়েম একটি পাহাড়ের পাদদেশে জমি কিনেছিলেন। ওই জমি সমতল ও ঘর তৈরির উপযোগী করতে গত কয়েকদিন ধরে তিনি পাশের পাহাড় থেকে একাই মাটি কাটছিলেন। গত রাতে হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে, এবং তিনি চাপা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দারা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।
সায়েমের মা সালেহা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে তিনি অনেক কষ্টে জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন।
‘এখন আমার একমাত্র ছেলেকেও হারালাম। জানি না কী করব,’ বলেন তিনি।