মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর এ ঘটনা ঘটে। তবে বাসের যাত্রীরা নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

এভারগ্রিন পরিবহনের বাসটি গুলিস্তান থেকে মাওয়া যাচ্ছিল। তখনই বাসে আগুন লেগে যায়। আগুন লাগলে যাত্রীরা নেমে যান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, আগুন লাগার পর সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের যাত্রীরা দ্রুত ও নিরাপদে নেমে গিয়েছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের (শর্ট সার্কিট) কারণে বাসটিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে আগুন বড় আকারে ছড়াতে পারেনি এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।