সেলিম প্রধানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে: আনা প্রধান

স্টার অনলাইন রিপোর্ট

অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের স্ত্রী আনা প্রধান আদালতে বলেছেন, তার স্বামী একজন প্রখ্যাত ব্যবসায়ী। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।

সেলিম প্রধানের স্ত্রী আনা প্রধান রাশিয়ার নাগরিক।

থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের এবং প্রায় ২২ কোটি টাকা পাচারের অভিযোগে সেলিম প্রধানের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় আজ।

সেলিম প্রধানের আইনজীবী মো. শাহীনুর ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আনা প্রধান তিন দিন আগে ঢাকায় এসেছেন। তিনি আজ আদালতে হাজির হয়ে কিছু সময়ের জন্য তার স্বামীর সঙ্গে কথা বলার জন্য মৌখিক অনুমতি চেয়েছিলেন।

এরপর ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আদালত কক্ষে আনা প্রধানকে তার স্বামীর সঙ্গে কথা বলার অনুমতি দেন।

সাক্ষাৎ শেষে আনা প্রধান সাংবাদিকদের বলেন, তার স্বামীকে হয়রানির ষড়যন্ত্রের অংশ হিসেবে মামলায় জড়ানো হয়েছে। তাই তিনি তার মুক্তি চেয়েছেন।