কুড়িগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা র্যাবের হাতে আটক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে এক ছাত্রলীগ নেতাসহ দুজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- ফুলবাড়ী উজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও মামুন হোসেন পোদ্দার (২২)। আটকের পর উপজেলা ছাত্রলীগের পদ থেকে লোকমান হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফজলুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রংপুর র্যাব-১৩ এর একটি দল ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামাড় ইউনিয়নের নজরমামুদ এলাকার দক্ষিণ নজরমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে অভিযান চালায়। এসময় ছাত্রলীগ নেতাসহ দুই মাদক চোরাকারবারীকে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা। তারা দুজনেই মাদকদ্রব্য সেবন ও চোরাকাবারীর সঙ্গে জড়িত। তাদের শরীর তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে র্যাব।
জানতা চাইলে ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বৃহস্পতিবার বিকেলে দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে ছাত্রলীগ নেতাকে ইয়াবাসহ আটকের ঘটনাটি শুনে থানায় গিয়ে নিশ্চিত হয়েছি। রাতেই ছাত্রলীগের বিশেষ সভা আয়োজন করে ইয়াবাসহ আটক ছাত্রলীগ নেতা লোকমান হোসেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।'